বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রোমের অনুষ্ঠানে নিজেকে ‘চা ওয়ালা’ বলে পরিচয় দিলেন মোদি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আন্তর্জাতিক এক অনুষ্ঠানে নিজেকে ‘চা ওয়ালা’ বলে উল্লেখ করেছেন। ইতালির রোম শহরে আয়োজিত খাদ্য ও কৃষি সংস্থার এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

বুধবার (২০ মে) আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশে মোদি বলেন, “আগে বলেছি, আগামীকাল আপনারা চা দিবস উদযাপন করবেন। চা দিবস উদযাপন করতে এক চা ওয়ালা একদিন আগেই আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন।”

তার এই মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিত অনেকেই হাসিতে ফেটে পড়েন। পরে ওই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা তৈরি হয়।

বক্তব্যে ভারতীয় চায়ের প্রশংসা করে মোদি বলেন, “ভারতের চায়ের বৈচিত্র অনেক বিস্তৃত। ভারতের চায়ের শক্তিও অসাধারণ।”

রাজনীতিতে আসার আগে চা বিক্রির সঙ্গে যুক্ত থাকার বিষয়টি বহুবার উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি। রাজনৈতিক প্রচারণাতেও তিনি প্রায়ই নিজেকে সাধারণ পরিবারের সন্তান ও ‘চা ওয়ালা’ হিসেবে তুলে ধরেন।