বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রেশম শিল্পে নতুন জাগরণ: দেশি-বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা সরকারের

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

বাংলাদেশের ঐতিহ্যবাহী রেশম শিল্পকে পুনরুজ্জীবিত করতে বড় পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন শরীফুল আলম। তিনি বলেন, দেশীয় অর্থায়নের পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে সিল্ক শিল্পকে আধুনিকায়ন করা হবে।

শনিবার (১১ এপ্রিল) রাজশাহী রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, দেশে বছরে প্রায় ৪০০-৪৫০ মেট্রিক টন রেশমের চাহিদা থাকলেও এর ৯০ শতাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। স্থানীয় কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়া এবং উৎপাদন কমে যাওয়ায় এই নির্ভরশীলতা তৈরি হয়েছে।

তিনি আরও জানান, পলু চাষ বৃদ্ধি, তুঁত গাছের উন্নয়ন এবং উন্নত মানের রেশম সুতা উৎপাদনে গবেষণায় জোর দেওয়া হচ্ছে। বর্তমানে দেশে প্রায় ১১ হাজার ৫০০ জন বোসনি থাকলেও বয়সের কারণে তাদের সংখ্যা কমছে। নতুন প্রজন্মকে প্রশিক্ষণের মাধ্যমে যুক্ত না করতে পারলে এই শিল্প হারিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

সরকার বন্ধ হয়ে যাওয়া কারখানা চালু করা, আন্তর্জাতিক বাজার—বিশেষ করে চীন ও জাপানে দেশীয় সিল্ক পণ্যের বাজার তৈরি এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে শিল্পটিকে টেকসই করার উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।