ইরানের সাধারণ মানুষকে আবারও বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছিলেন শেষ শাহ শাসকের নির্বাসিত ছেলে রেজা পাহলভি। তবে তার এ আহ্বানে এবার সাড়া দেয়নি দেশটির জনগণ।
যুক্তরাষ্ট্রে বসবাসরত রেজা পাহলভি শনিবার থেকে সোমবার পর্যন্ত টানা বিক্ষোভের ডাক দেন। কিন্তু শনিবার সন্ধ্যার পর রাজধানী তেহরানসহ অন্যান্য অঞ্চলে কোনো বিক্ষোভের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
গত মাসের শেষ দিকে ইরানে যখন বিক্ষোভ শুরু হয় এবং গত ৭ ও ৮ জানুয়ারি তা সহিংস আকার ধারণ করে। ওই সময় আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন সরকারের পতনের শঙ্কা দেখা দেয়। রেজা পাহলভি তখন ঘোষণা দেন, যদি সরকার পতন হয়, তাহলে তিনি ট্রানজিশনাল নেতার দায়িত্ব গ্রহণ করবেন। বিদেশে বসবাসরত ইরানিদের মধ্যে তিনি সমর্থন পেয়েছিলেন।
তবে ইরানের অভ্যন্তরে তার প্রভাব সীমিত বলে মনে করা হচ্ছে। কেউ কেউ তাকে সমর্থন দিলেও অনেকেই চাইছেন না আবার রাজতন্ত্র ফিরে আসুক।
সর্বশেষ আহ্বানে সাধারণ মানুষের সাড়া না পাওয়ার বিষয়টি নির্দেশ করছে যে, কঠোর দমননীতির কারণে বিক্ষোভকারীরা সরে এসেছেন এবং সরকার সফলভাবে বিক্ষোভ দমন করেছে। রেজা পাহলভি আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানালেও ইরানি সরকার খামেনির নেতৃত্বে এই বিক্ষোভ দমন করতে সক্ষম হয়েছে।