বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

“রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফেব্রুয়ারির শেষ নাগাদ ফুয়েল লোডিং”

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম ইউনিটে ফেব্রুয়ারির শেষ নাগাদ ফুয়েল লোডিং সম্পন্ন হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। এই তথ্য জানিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

গত শুক্রবার তিনি পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন। প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কর্মী ও প্রকৌশলীদের প্রচেষ্টার প্রশংসা করেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক কেন্দ্র হিসেবে জাতীয় বিদ্যুৎখাতে যুগান্তকারী ভূমিকা রাখবে। এই প্রকল্প দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

রূপপুর প্রকল্পে রোসাটমের প্রকৌশলীরা জানিয়েছেন, ফেব্রুয়ারির শেষ নাগাদ ইউনিট-১ এ ফুয়েল লোডিং সম্পন্ন হবে। এরপর মার্চ ২০২৬ এর শেষ দিকে ইউনিট-১ থেকে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। ধাপে ধাপে ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট-১ থেকে কার্যকরভাবে প্রায় ১,১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ সম্ভব হবে।

প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব, অর্থ বিভাগের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও বাংলাদেশ পরমাণু শক্তি কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প পরিচালক উপস্থিত ছিলেন।