শনিবার , ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রুশ বাহিনী থেকে ভারতীয়দের ছাড়তে অনুরোধ মোদির, সম্মতি পুতিনের

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

দুইদিনের সফরে রাশিয়ায় গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (৮ জুলাই) রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার নৈশভোজ ছিল।

সেখানে রুশ সেনাবাহিনী থেকে ভারতীয়দের ছাড়তে অনুরোধ করেন মোদি। জবাবে, সেখানেই এই ইস্যুতে পুতিন সম্মতি দেন বলে ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে। এছাড়া ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধেও মোদি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে রাশিয়ায় দুই দিনের সরকারি সফরে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই বছরেরও বেশি সময় ধরে চলমান ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য সরাসরি পুতিনের কাছে আবেদন করেছেন।

মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে অনানুষ্ঠানিক বৈঠকের সময় মোদি তাকে বলেন, যুদ্ধের ময়দানে কোনও সমাধান পাওয়া যাবে না।

ভারত সর্বদা আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বসহ জাতিসংঘের সনদকে সম্মান করার আহ্বান জানিয়েছে। যুদ্ধক্ষেত্রে কোনও সমাধান নেই। সংলাপ এবং কূটনীতিই এগিয়ে যাওয়ার পথ,’ প্রধানমন্ত্রী মোদি নৈশভোজের সময় পুতিনকে এসব কথা বলেছিলেন বলে মনে করা হচ্ছে।

এছাড়া ভারতীয় এই প্রধানমন্ত্রী অসাধু ট্রাভেল এজেন্টদের মাধ্যমে রাশিয়ান সেনাবাহিনীতে যোগদান করা প্রতারিত ভারতীয় নাগরিকদের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। সূত্র জানিয়েছে, রাশিয়া সমস্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রত্যাবাসনের প্রতিশ্রুতি দিয়েছে।

সংবাদমাধ্যম বলছে, সোমবার রাতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মোদির নৈশভোজ ছিল। সেখানে তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য মোদিকে অভিনন্দন জানান তিনি। ওই নৈশভোজেই পুতিনের কাছে একটি আবেদন জানান মোদি।

তিনি বলেন, রাশিয়ায় যে ভারতীয়রা আছেন, বাধ্য হয়েই তাদের অনেককে যুদ্ধে অংশ নিতে হয়েছে। পুতিন যেন যুদ্ধ থেকে ভারতীয়দের অব্যাহতি দেন। ভারতীয় বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, নৈশভোজেই মোদির এই আবেদনে সম্মতি জানিয়েছেন পুতিন।