রাহাত আরা বেগমের দোয়া নিয়ে প্রচারণা শুরু করলেন তুলি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী ও মায়ের ডাক–এর প্রতিষ্ঠাতা সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি পবিত্র দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর বাসভবনে গিয়ে তাঁর সহধর্মিণী রাহাত আরা বেগমের দোয়া ও আশীর্বাদ গ্রহণ করেন তুলি। এ সময় তিনি নির্বাচনকে কেন্দ্র করে দেশ ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
তুলির সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন ২০১৩ সালে গুম হওয়া তাঁর ভাই সাজেদুল ইসলাম সুমন–এর মেয়ে রাইতা, পরিবারের অন্যান্য সদস্য এবং ঘনিষ্ঠজনরা। পারিবারিক এই আবেগঘন মুহূর্তে সবার চোখে ছিল প্রত্যাশা ও প্রার্থনার ছাপ।
দোয়া গ্রহণ শেষে সানজিদা ইসলাম তুলি বলেন,
“আমি মানুষের দোয়া ও ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে রাজপথে নেমেছি। শহীদ, গুম ও নির্যাতিত পরিবারের কান্না যেন আর কোনো মায়ের ঘরে না শোনা যায়—এই লক্ষ্য নিয়েই আমার সংগ্রাম। রাহাত আরা আপার দোয়া আমাকে আরও অনুপ্রাণিত করেছে।”
তিনি আরও বলেন,
“ঢাকা-১৪ আসনের জনগণের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমি কাজ করতে চাই। এই নির্বাচন শুধু ভোটের লড়াই নয়, এটি মানুষের মর্যাদা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই।”
উল্লেখ্য, সানজিদা ইসলাম তুলি দীর্ঘদিন ধরে ‘মায়ের ডাক’ প্ল্যাটফর্মের মাধ্যমে গুম, খুন ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের ন্যায়বিচারের দাবিতে কাজ করে আসছেন। মানবিক ও সামাজিক আন্দোলনের পাশাপাশি এবার তিনি সরাসরি নির্বাচনী রাজনীতিতে অংশ নিয়ে ঢাকা-১৪ আসনে জনগণের সমর্থন কামনা করছেন।
দোয়া শেষে তিনি দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক ও ভোটারদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচিতে অংশ নেন।