সোমবার , ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

রাষ্ট্রপতি থাকাকালীন শেয়ার জালিয়াতি মামলায় আসামি সাহাবুদ্দিন!

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ জুলাই, ২০২৬

দুর্নীতি, প্রতারণা ও ব্যাংকের অর্থ আত্মসাতের উদ্দেশ্যে যোগসাজশ করে ২৫১ কোটি টাকার শেয়ার অধিগ্রহণের অভিযোগে সদ্য দায়িত্ব থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় তাকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালক হিসেবে ১২ নম্বর আসামি করা হয়েছে।

২০২৫ সালের ৪ সেপ্টেম্বর ইসলামী ব্যাংকের প্রধান শাখার সিনিয়র অফিসার মো. আবদুচ ছামাদ ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলার আবেদন করেন। আদালত মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে তদন্তের নির্দেশ দেন। বর্তমানে তদন্ত চলছে এবং আগামী ১১ আগস্ট প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেড ২৫১ কোটি টাকা মূল্যের ইসলামী ব্যাংকের ৭ কোটি ৭৫ লাখের বেশি শেয়ার অধিগ্রহণ করে। তবে মাত্র ৮ লাখ টাকা পরিশোধিত মূলধনের একটি প্রতিষ্ঠানের নামে এত বিপুল মূল্যের শেয়ার কেনা আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে মামলার ১২ নম্বর আসামি মো. শাহাবুদ্দিন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনই কি না, তা নিয়ে শুরুতে ধোঁয়াশা থাকলেও মামলার বাদী দাবি করেছেন, তিনিই সেই ব্যক্তি। তবে বাদীপক্ষের আইনজীবী এ বিষয়ে নিশ্চিত নন বলে জানিয়েছেন।

মামলা দায়েরের পর মো. সাহাবুদ্দিন ছাড়া অন্য আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।