বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রামেকে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, বাড়ছে হামের প্রকোপ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এ চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, একই সময়ে নতুন করে সাসপেক্টেড হামে আক্রান্ত ২৭ জন রোগী ভর্তি হয়েছেন। এ সময় চিকিৎসা শেষে ২৪ জন রোগী হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

চলমান এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ৪৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

এ বিষয়ে হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। তিনি বলেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ, তাই লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

তিনি আরও বলেন, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকা গ্রহণের মাধ্যমে হামের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি, সময়মতো টিকাদান এবং দ্রুত চিকিৎসা গ্রহণই সবচেয়ে কার্যকর উপায়। একইসঙ্গে হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা ও আইসোলেশন ব্যবস্থাও জোরদার করার প্রয়োজন রয়েছে।