বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করে অল্প সময়ের মধ্যেই চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ

বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, “পুলিশ দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দেবে। এরপর বিচারের দায়িত্ব আদালতের। আমরা আশা করছি, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত বিচার নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পল্লবী–র এই আলোচিত হত্যাকাণ্ড ছাড়াও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক আলোচিত মামলার তদন্ত ও বিচার দ্রুত সম্পন্ন করতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, রামিসা হত্যা, আছিয়া ও তনু হত্যাকাণ্ড, বগুড়ায় তরুণী ধর্ষণ এবং গাজীপুরের পাঁচ খুনসহ আলোচিত ঘটনাগুলোর তালিকা তৈরি করা হয়েছে এবং দ্রুত বিচার নিশ্চিতের চেষ্টা চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে এবং বাহিনীর সংস্কারেও কাজ চলছে। তিনি উল্লেখ করেন, সরকার দায়িত্ব নেওয়ার পর খুব বেশি সময় পায়নি, তবে গুরুত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে।

এসময় সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পশ্চিমবঙ্গের নাগরিকত্ব ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়। তবে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–কে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তাকে ফেরত চেয়ে অনুরোধ জানানো হয়েছে এবং সরকার তাকে আইনের আওতায় আনার চেষ্টা করছে।