বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাতেই সিলেটে যাচ্ছেন তারেক রহমান, আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু: মাহাদী আমিন

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণা দলের সিলেট সফরের মধ্য দিয়ে শুরু হচ্ছে। বিএনপির রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপত্র মাহাদী আমিন বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে জানান, তারেক রহমান আজ রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেট পৌঁছাবেন।

গভীর রাতে তিনি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন এবং ২২ জানুয়ারি সকালেই সিলেট আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন। এরপর দুপুরে মৌলভীবাজারের শেরপুর আইনপুর খেলার মাঠ, যাত্রাপথে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নরসিংদীর বিভিন্ন সমাবেশে অংশ নেবেন। দিনের শেষে নারায়ণগঞ্জে সমাবেশ শেষে গভীর রাতে নিজ গুলশানের বাসভবনে ফেরার কথা রয়েছে।

মাহাদী আমিন বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি সফরে ত্যাগী ও শীর্ষ নেতাদের মূল্যায়ন করবেন, এবং সিলেট সফরে তার সঙ্গে থাকবেন আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, মামুন হাসান, আব্দুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং রাকিবুল ইসলাম রাকিবসহ অন্যান্য তরুণ নেতারা।

নির্বাচনী প্রচারণার শুরুতেই বিএনপি একটি নির্বাচনী থিম সং উন্মোচন করবে। ২২ জানুয়ারির সূচনালগ্নে ঢাকার লেকশোর হোটেলে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী থিম সং উদ্বোধন করবেন। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন।

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহাদী আমিন বলেন, বিদ্রোহী প্রার্থীরাও দলের অনেক ত্যাগী নেতা। তবে ধানের শীষের বৃহত্তম স্বার্থে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য গুরুত্বপূর্ণ। বিএনপি আশা করছে, সব রাজনৈতিক দল নির্বাচনী আচরণবিধি মেনে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবে। ইনশাআল্লাহ, সম্মিলিত দায়িত্বশীলতা ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে নির্বাচনটি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবে।