বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাতেই ঝড়ের সতর্কতা: ১১ অঞ্চলে ৮০ কিমি বেগে দমকা হাওয়ার আশঙ্কা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে রাতের মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, রাত ১টার মধ্যে অন্তত ১১টি অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে, যেখানে বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

বুধবার (২৯ এপ্রিল) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক সতর্কবার্তায় বলা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি ও বজ্রপাতসহ অস্থায়ী ঝড়ের সম্ভাবনা রয়েছে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে, যাতে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করা হয়।

এছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও আবহাওয়া অস্থির থাকতে পারে। সেখানে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এই সময়টিতে কালবৈশাখী ঝড়ের প্রবণতা বেড়ে যায়, তাই ঝড়-বৃষ্টির সময় সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।