বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাজবাড়ীতে গোপন বাল্যবিবাহ বন্ধ, বরকে ২৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

রাজবাড়ীর কালুখালী উপজেলায় গোপনে আয়োজিত একটি বাল্যবিবাহের অনুষ্ঠান অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বাল্যবিবাহে জড়িত থাকার দায়ে বরকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায় দেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩ জুন) বিকেলে উপজেলার কালিকাপুর ইউনিয়নে গোপনে বাল্যবিবাহ আয়োজনের খবর পেয়ে অভিযান পরিচালনা করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে কনের বয়স যাচাই করে তাকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে শনাক্ত করেন।

এরপর সঙ্গে সঙ্গে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়। আইন অমান্য করার বিষয়টি স্বীকার করায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী বরের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযান শেষে বর ও কনের পরিবার লিখিতভাবে অঙ্গীকার করে যে, কনের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তারা কোনোভাবেই বিয়ের আয়োজন করবে না। একই সঙ্গে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের বাল্যবিবাহের ক্ষতিকর দিক ও আইনগত পরিণতি সম্পর্কে সচেতন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, বাল্যবিবাহ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশের পথে বড় বাধা। এ ধরনের সামাজিক অপরাধ রোধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। তিনি বাল্যবিবাহ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানান।