মঙ্গলবার , ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

রাজধানীর মানিকদিতে দুর্বৃত্তের গুলিতে এইচএসসি পরীক্ষার্থী গুলিবিদ্ধ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে মো. করিম (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। তিনি মিরপুর বাঙলা কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

সোমবার (২৮ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কুর্মিটোলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শিক্ষার্থীর বাবা রফিকুল ইসলাম জানান, তারা মানিকদি আমতলা এলাকায় বসবাস করেন। রাতে তিনি ছেলে করিমকে দোকান থেকে মশার কয়েল কিনে আনতে পাঠান। করিম কয়েল কিনে তুহিন নামে এক বন্ধুর সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় আমতলার ‘৩২ মালিকের বিল্ডিং’ নামে পরিচিত একটি বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় অন্ধকার থেকে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করা হয়।

এতে করিমের দুই পায়ে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুর্মিটোলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতেই অস্ত্রোপচার করে তার ডান পা থেকে একটি গুলি বের করা হয়েছে। বাম পায়ের গুলিটি ঘটনার সময়ই বের হয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঘটনাটি ক্যান্টনমেন্ট থানা পুলিশকে জানানো হয়েছে। বিষয়টি ক্যান্টনমেন্ট থানা পুলিশ তদন্ত করছে।