বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাজধানীতে রেল লাইনের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

রাজধানীর শাজাহানপুর রেল লাইনের পাশে বিসমিল্লাহ হোটেলের ফুটপাত থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬০ বছর।

আজ (বুধবার) সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক(এসআই) মো. আফজাল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান ওই তিনি আর বেঁচে নেই।

তিনি আরও জানান, আশপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা অজ্ঞাত ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।