রাজধানীর আদাবর ও তেজগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-২। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন কুখ্যাত ‘কব্জি কাটা আনোয়ার’ গ্রুপের অন্যতম সদস্য, মাদক কারবারি ও কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত কবির ওরফে ‘ধ্বংস কবির’। অভিযানে তাদের কাছ থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে র্যাব-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ জুন গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকার ৪ নম্বর সড়কে অভিযান চালায় র্যাব-২। এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে কবির ওরফে ধ্বংস কবির (৩৮) এবং তার সহযোগী আব্দুর রহমানকে (৩৫) দুটি চাপাতিসহ গ্রেপ্তার করা হয়।
একই দিন রাজধানীর তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় পৃথক আরেকটি অভিযানে মো. বিল্লাল হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে একটি চাপাতিসহ আটক করা হয়। র্যাবের ভাষ্য অনুযায়ী, বিল্লাল একজন স্বীকৃত কিশোর গ্যাং লিডার এবং তার বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তার তিনজন দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে রাজধানীর মোহাম্মদপুর, আদাবরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, চুরি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
র্যাবের তথ্য অনুযায়ী, ধ্বংস কবিরের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও মাদক-সংক্রান্ত অন্তত পাঁচটি মামলা রয়েছে। অন্যদিকে বিল্লাল হোসেনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদক-সংক্রান্ত মোট ১১টি মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।