বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাজধানীতে গ্রেপ্তার সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী, একাধিক মামলার অভিযোগ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী-কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ-এর গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। তিনি জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে একাধিক—প্রায় পাঁচটি—মামলা রয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালের রাজনৈতিক পটপরিবর্তনের সময় সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। সে সময় গঠিত ‘গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি’র সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

ওই কমিটির প্রধান ছিলেন তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন। জরুরি অবস্থার সময় যৌথবাহিনীর কার্যক্রম পরিচালনায় মাসুদ উদ্দিন চৌধুরীর ভূমিকা নিয়ে সে সময় ব্যাপক আলোচনা ছিল।

সংশ্লিষ্ট সময়ে সেনা নেতৃত্বাধীন বাহিনী বিভিন্ন শীর্ষ রাজনীতিক ও ব্যবসায়ীদের আটক করে জিজ্ঞাসাবাদ করত এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করা হতো।