পটুয়াখালীর উপকূলীয় জনপদ রাঙ্গাবালী উপজেলায় নতুন করে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ ও চৌকস পুলিশ কর্মকর্তা জসিম উদ্দিন। সম্প্রতি তিনি রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন। এর আগে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর ওসি হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি প্রশংসা কুড়িয়েছেন।
জসিম উদ্দিনের মতো অভিজ্ঞ একজন কর্মকর্তার আগমনে রাঙ্গাবালীর সাধারণ মানুষের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। উপকূলীয় এই অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা করছেন স্থানীয়রা।
স্থানীয় সচেতন মহলের মতে, ডিবিতে কর্মরত অবস্থায় জসিম উদ্দিন তার দক্ষতা, সততা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জটিল মামলার রহস্য উদঘাটন, মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং অপরাধ নিয়ন্ত্রণে তার কার্যকর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তার নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযানে ইতিবাচক ফলাফল এসেছে, যা তাকে একজন দক্ষ ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি এনে দেয়।
নতুন কর্মস্থলে যোগ দিয়ে জসিম উদ্দিন বলেন, “জনগণের আস্থা অর্জনই আমার প্রধান লক্ষ্য। রাঙ্গাবালীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।” তিনি এ লক্ষ্য বাস্তবায়নে এলাকাবাসীর সহযোগিতাও কামনা করেন।
এদিকে, স্থানীয় বাসিন্দারা নতুন ওসিকে স্বাগত জানিয়ে বলেন, একজন অভিজ্ঞ ও সৎ কর্মকর্তার নেতৃত্বে রাঙ্গাবালী থানার কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে। তারা আশা করছেন, পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং সেবামূলক পুলিশিং কার্যক্রম নতুন মাত্রা পাবে।
উপকূলীয় অঞ্চলের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় দৃঢ় মনোবল, অভিজ্ঞতা ও পেশাদার দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবেন—এমন প্রত্যাশায় রাঙ্গাবালীবাসী এখন তাকিয়ে আছেন নতুন ওসি জসিম উদ্দিনের দিকে।
বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্রম, ১৪৪৮ হিজরি
রাঙ্গাবালী থানার নতুন ওসি জসিম উদ্দিন—অভিজ্ঞতায় ভর করে সেবামুখী পুলিশিংয়ের প্রত্যাশা
প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ মার্চ, ২০২৬