রাঙামাটিতে রেজিস্ট্রেশন ও রুট পারমিটবিহীন অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও চালক কল্যাণ সমিতি। দাবি বাস্তবায়নে প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে আগামী রোববার (১২ জুলাই) ধর্মঘট পালনের পাশাপাশি আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।
সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় আধাঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, দেশের একমাত্র রিকশাবিহীন পর্যটন শহর রাঙামাটিতে বর্তমানে ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত সিএনজি অটোরিকশা চলাচল করছে। যত্রতত্র পার্কিং, নিয়মবহির্ভূত যাত্রী পরিবহন, অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী ও পর্যটকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।
তাদের অভিযোগ, শহরে বর্তমানে ১ হাজার ৪১৬টি নিবন্ধিত সিএনজি অটোরিকশা রয়েছে এবং আরও প্রায় ৮০টির নিবন্ধন প্রক্রিয়া চলছে। এর বাইরে অন্তত ৩০০টির বেশি নিবন্ধন ও রুট পারমিটবিহীন অটোরিকশা অবৈধভাবে চলাচল করছে। এসব যানবাহনের কারণে বৈধ চালক ও মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ বিষয়ে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি করেন তারা।
রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সিএনজি অটোরিকশা মালিক সমিতির নেতা ও বিএনপি নেতা আলী বাবর, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, রবিউল হোসেন বাবলু, বেলাল হোসেনসহ অন্যান্য নেতারা।
এদিকে, শহরের যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সিএনজি অটোরিকশা চালকদের জন্য ইউনিফর্ম পরিধান এবং পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা।