শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রমনায় ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

রাজধানীর রমনা এলাকা থেকে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

আটককৃতরা হলো মোঃ সাদ্দাম হোসেন ও মোঃ রিপন। এ সময় তাদের হেফাজত হতে ২০ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার সন্ধ্যা ৭:৪০ টায় রমনার কাকরাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার মোঃ এরশাদুর রহমান  জানান, কাকরাইল এলাকার যমুনা ব্যাংকের সামনে কয়েকজন লোক মাদকসহ অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গাঁজাসহ আটক করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।