বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রমজানের আগে এলপিজি সংকট মোকাবিলায় জ্বালানি উপদেষ্টার নির্দেশ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন এবং পবিত্র রমজান মাসে এলপিজির কোনো ঘাটতি থাকা চলবে না।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রেল মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় এলপিজি বাজার পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ করা হয়। উপদেষ্টা বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে অপারেটররা যে এলপিজি আমদানির প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবে প্রতিফলিত করতে হবে। সরকারের পক্ষ থেকে এই লক্ষ্য পূরণে সব ধরনের সহযোগিতা থাকবে।

এলপিজি অপারেটররা সভায় জানান, আন্তর্জাতিক বাজারের কিছু বিরূপ পরিস্থিতির কারণে সাম্প্রতিক সময়ে এলপিজি আমদানিতে বাধা এসেছে। তবে বাজারে অতিরিক্ত মূল্যবৃদ্ধির অভিযোগ তারা অস্বীকার করেছেন। তারা আশা প্রকাশ করেন, জানুয়ারিতে ১ লাখ ৬৭ হাজার ৬০০ মেট্রিক টন এলপিজি আমদানির লক্ষ্যমাত্রা অর্জিত হলে চলমান সংকট অনেকটা কাটবে।

সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।