বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রংপুরে পুলিশ হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড, আদালতের রায়ে ন্যায়বিচার নিশ্চিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

রংপুরে আলোচিত পুলিশ হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে রংপুর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর হারাগাছ এলাকায় গাঁজাসহ আটক করার সময় পুলিশের সহকারী উপপরিদর্শক পিয়ারুল ইসলামকে ছুরিকাঘাত করেন পলাশ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের যুক্তি-তর্ক পর্যালোচনা করে আদালত এই রায় দেন। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং আরও দুটি ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষ বলছে, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তবে আসামিপক্ষ উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে।