রংপুরের মিঠাপুকুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশবিধি লঙ্ঘন ও অনুমোদনহীনভাবে ইট উৎপাদনের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। তিনি জানান, দীর্ঘদিন ধরে ক্ষতিকর উপায়ে ইটভাটা পরিচালনার অভিযোগে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল।
অভিযানে মিঠাপুকুর উপজেলা এর ভগবতপুর ও রামপুরা এলাকায় অবস্থিত চারটি ইটভাটার মালিককে মোট ১৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে আরআর ব্রিকসের স্বত্বাধিকারী রবিউল ইসলাম প্রামাণিককে ৫ লাখ টাকা, এলকেএস ব্রিকসের নজরুল ইসলামকে আড়াই লাখ টাকা, এফপিবি ব্রিকসের সাজেদুল ইসলাম প্রধানকে ৪ লাখ টাকা এবং এসআর ব্রিকসের রবিউল ইসলামকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাব জানায়, এসব ইটভাটায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত সালফারযুক্ত জ্বালানি, অ্যাশ ও মারকারি সম্বলিত কয়লা ব্যবহার করা হচ্ছিল। এছাড়া প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই ভাটা স্থাপন ও পরিচালনা করা হচ্ছিল, যা পরিবেশ আইন লঙ্ঘনের শামিল।
এই প্রেক্ষিতে ৭ এপ্রিল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল এর নেতৃত্বে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর এবং র্যাব সদস্যরা অংশ নেন।
সংশ্লিষ্টরা জানান, এ ধরনের অবৈধ ইটভাটা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। তাই এসব কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।