রংপুর নগরীর একটি বেসরকারি হাসপাতালের বাথরুম থেকে বাচ্চু মিয়া (৬০) নামে এক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে নগরীর বদরগঞ্জ রোডের পীরজাবাদ এলাকায় অবস্থিত প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি-১ ওয়ার্ডের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বাচ্চু মিয়া দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্য দরগারপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই রাতে ডান পায়ের উরুতে ঘা, শ্বাসকষ্ট ও ডায়াবেটিসজনিত জটিলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সকালে স্ত্রী আমিনা বেগমের সহায়তায় তিনি বাথরুমে যান। পরে কিছুক্ষণ পর আবারও একাই বাথরুমে যান।
ওষুধ দেওয়ার সময় নার্সরা রোগীকে খুঁজতে গেলে তার স্ত্রী বাথরুমের সামনে গিয়ে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে হাসপাতালের কর্মীরা দরজা ভেঙে প্রবেশ করেন। পরে তাকে ভেন্টিলেশনের রডের সঙ্গে নিজের ব্যবহৃত গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য আলামত পর্যালোচনার পর বিস্তারিত জানা যাবে।