বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

যে টি-টোয়েন্টি ম্যাচে সুপার ওভার হয়েছিল তিনবার

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সেরা ম্যাচটি হয়তো দেখে ফেললো ক্রিকেটবিশ্ব। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ১৮৭ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে আফগানিস্তানও করে ১৮৭ রান। সুপার ওভারেও নিষ্প্রতি হয়নি ম্যাচটি। অবশেষে দ্বিতীয় সুপার ওভারে আফগানদের ৪ রানে হারিয়ে জয় নিশ্চিত করে প্রোটিয়ারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটিই প্রথম ডাবল সুপার ওভারের ম্যাচ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার সুপার ওভার হয় ২০১২ সালে। নিউজিল্যান্ডকে ৬ রানে হারিয়ে বিশ্বকাপে প্রথমবার সুপার ওভারে জেতা দল বনে যায় সেবারের আয়োজক শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত সুপার ওভার হয়েছে মোট পাঁচটি ম্যাচে। ২০১২ ও ২০২৪ বিশ্বকাপে দুটি করে ও ২০২৬ বিশ্বকাপের একটি ম্যাচে।

টি-টোয়েন্টিতে একবারের বেশি সুপার ওভার হয়েছে মোট তিনটি ম্যাচে। এর মধ্যে দুবারই খেলেছে আফগানিস্তান, হেরেছে দুটি ম্যাচেই। ২০২৪ সালে ভারতের বিপক্ষে ম্যাচ টাই হওয়ার পর প্রথম সুপারেও জিততে পারেনি কোনো দল। এরপর ভারতের কাছে হার মেনে নেয় আফগানরা। আর এবারের বিশ্বকাপের ডাবল সুপার ওভারের ম্যাচের কাহিনী তো সবারই জানা।

এদিকে একটি মাত্র ম্যাচে সুপার ওভার হয়েছে তিনবার। ২০২৫ সালের ত্রিদেশীয় সিরিজের সেই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে নেদারল্যান্ডস ও নেপাল। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রান করে নেদারল্যান্ডস। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে নেপালও করে ১৫২ রান। প্রথম সুপার ওভারের শুরুতে নেমে নেপাল তোলে ১৯ রান। সমান রান করে ডাচরাও। দ্বিতীয় সুপার ওভারের শুরুতে নেমে ১৭ রান করে নেদারল্যান্ডস। এবার নেপালও তাদের সমান স্কোর সংগ্রহ করে। ফলে ম্যাচটি গড়ায় তৃতীয় সুপার ওভারে। সেখানে নেপালকে হারিয়ে জয় তুলে নেয় ডাচরা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম সুপার ওভার হয়েছিল ২০০৮ সালে। সেই ম্যাচে নিউজিল্যান্ডকে ১০ রানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করতে এক ওভারে ২৫ রান করে ক্যারিবীয়রা। জবাবে কিউইরা তোলে ১৫ রান।

২০০৮ সালে প্রথমবার সুপার ওভারের পর এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি মোট সুপার ওভার অনুষ্ঠিত হয়েছে ২৯টি ম্যাচে। সবচেয়ে বেশি আটবার সুপার ওভার খেলেছে নিউজিল্যান্ড। তারা জিতেছে মাত্র একবার, হেরেছে সাতবারই। এদিকে সুপার ওভারে সবচেয়ে বেশিবার জিতেছে ভারত। পাঁচবার সুপার ওভার খেলে প্রতিবারই জিতেছে তারা।