বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

যে অধ্যাদেশে ক্ষমতা বাড়ে, সেগুলোই আইন করেছে বিএনপি: হান্নান মাসউদ

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ মে, ২০২৬

সরকার নিজেদের ক্ষমতা বাড়াতে সুবিধাজনক অধ্যাদেশগুলো আইন করেছে বলে অভিযোগ করেছেন আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেন, যেসব অধ্যাদেশ বিএনপির কাছে “মিষ্টি” লেগেছে এবং ক্ষমতায় থাকার পথ সহজ করবে মনে হয়েছে, সেগুলোই আইনে রূপান্তর করা হয়েছে।

রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট-এ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত জাতীয় কনভেনশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ অভিযোগ করেন, স্থানীয় সরকার অধ্যাদেশ সংসদে পাস করে সরকার এমন ক্ষমতা নিয়েছে, যার মাধ্যমে ব্যাখ্যা-বিশ্লেষণ বা তদন্ত ছাড়াই যেকোনো নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধিকে অপসারণ করা যাবে। এতে বিরোধী দলের কোনো মেয়র বা চেয়ারম্যানকে সরিয়ে প্রশাসক বসানোর সুযোগ তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় যেসব অধ্যাদেশ সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে পারত, সেগুলো বাতিল করে দেওয়া হয়েছে। অন্যদিকে যেগুলো সরকারের ক্ষমতা বাড়ায়, সেগুলো দ্রুত আইনে পরিণত করা হয়েছে।

সংসদ সম্পর্কে নিজের হতাশা প্রকাশ করে তিনি বলেন, প্রথম অধিবেশন দেখেই তিনি এটিকে “প্রতারণা ও প্রবঞ্চনার সংসদ” বলেছিলেন। কারণ জনগণের প্রত্যাশিত সংস্কারের বদলে সরকার উল্টো ক্ষমতা কেন্দ্রীভূত করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, পুলিশ কমিশন, গুম কমিশন, সুপ্রিম কোর্ট সচিবালয়সহ বিভিন্ন সংস্কার প্রস্তাবে বিএনপি আগে সমর্থন দিলেও সরকারে এসে সেগুলো থেকে সরে গেছে।

অনুষ্ঠানে উপস্থিত অন্য বক্তারাও বলেন, জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে জনগণের মধ্যে হতাশা বাড়বে। তারা রাজনৈতিক দলগুলোকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানান।