নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলিবর্ষণকারী কুখ্যাত সন্ত্রাসী ৪৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সেলিম ওরফে ঠেলা সেলিম’কে যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গত জুলাই ২০২৪ খ্রিঃ হতে দেশব্যাপী কোটা বিরোধী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। অতঃপর উক্ত আন্দোলনে ছাত্র-ছাত্রী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে এবং পরবর্তীতে তা গণঅভ্যুত্থানে রূপ নেয়। কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানী বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মী ও অস্ত্রধারী নস্ত্রাসীরা দেশী-বিদেশী অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার উপর অতর্কিত আক্রমণ করে। যার অংশ হিসেবে গত ০৫ আগস্ট ২০২৪ খ্রিঃ তারিখ রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণভাবে কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন করা কালে বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, রাম দা, চাপাতি, হকি স্টিক এবং লাঠি-সোটাসহ বিভিন্ন প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি আক্রমণ করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্র-জনতার উপর অমানবিক নির্যাতন চালায়। এছাড়াও ছাত্র-জনতার যৌক্তিক কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলনকে বানচাল করার জন্য আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র-ছাত্রীসহ একাধিক আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও গুজব রটায় এবং তাদেরকে গুম ও প্রাণ নাশের হুমকি প্রদান করে। অতঃপর উক্ত ঘটনায় আহত ও নিহতদের পরিবারের লোকজন ডিএমপির যাত্রাবাড়ী থানায় প্রকাশ্যে নিরস্ত্র ছাত্র-জনতার উপর গুলি বর্ষণ করে হত্যার অভিযোগে ৪৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-যুব সম্পাদক ও ৪ নং ইউনিট যুবলীগের সভাপতি সেলিম ওরফে ঠেলা সেলিমসহ শতাধিক আক্রমকারীদের বিরুদ্ধে ০২টি মামলা দায়ের করেন। যার মামলা নং-২৭, তারিখ-০৮/০৯/২০২৪ খ্রিঃ এবং মামলা নং-৩৪, তারিখ-১০/০৯/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে আসামী সেলিমসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়।
উক্ত ঘটনায় যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক প্রাপ্ত আধিযাচন পত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লখিত ঘটনায় নিরস্ত্র ছাত্র-জনতার উপর গুলি বর্ষণকারী কুখ্যাত সন্ত্রাসী সেলিমসহ অন্যান্য আসামীদের আইনের আওতায় আনার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
গতকাল ২৪ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ১১:৫০ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা পার্ক সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গত ০৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার উপর গুলিবর্ষণকারী ৪৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-যুব সম্পাদক ও ৪ নং ইউনিট যুবলীগের সভাপতি একাধিক মামলার পলাতক আসামী কুখ্যাত সন্ত্রাসী সেলিম ওরফে ঠেলা সেলিম (৪০), পিতা-হাসেম, সাং-উত্তর যাত্রাবাড়ী, থানা-যাত্রাবাড়ী, জেলা-ঢাকা’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উল্লেখিত ঘটনার সাথে তার সম্পৃক্তার সত্যতা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।