বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

যুদ্ধবিরতির মাঝেই দক্ষিণ ইরানে মার্কিন হামলা, নতুন করে বাড়ছে উত্তেজনা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন বাহিনীর দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং সমুদ্রপথে মাইন স্থাপনের চেষ্টায় থাকা নৌযানকে লক্ষ্য করে এই হামলা পরিচালনা করা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, হামলাগুলো ছিল ‘আত্মরক্ষামূলক পদক্ষেপ’। তাদের ভাষ্য অনুযায়ী, ইরানি বাহিনীর সম্ভাব্য হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষার জন্য এ অভিযান চালানো হয়েছে। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, চলমান যুদ্ধবিরতি বজায় রেখেই মার্কিন বাহিনী নিজেদের নিরাপত্তা নিশ্চিত করছে।

প্রতিবেদন অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তু ছিল দক্ষিণ ইরানের বন্দর আব্বাস এলাকার সামরিক স্থাপনা ও নৌঘাঁটির আশপাশের অঞ্চল। এই এলাকা হরমুজ প্রণালি-সংলগ্ন হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছু অগ্রগতি হলেও সংঘাত নিরসনের কোনো চূড়ান্ত সমঝোতা এখনো আসন্ন নয়। নতুন হামলার ঘটনায় সম্ভাব্য শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এখন পর্যন্ত সর্বশেষ হামলার বিষয়ে ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিশ্লেষকদের মতে, পরিস্থিতি যেকোনো সময় নতুন দিকে মোড় নিতে পারে।