চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বুধবার (১ এপ্রিল) যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গম নিয়ে জাহাজ এমভি এমপি আল্ট্রাম্যাক্স-২ পৌঁছেছে। খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই গম সরকার-টু-সরকার (জি টু জি) চুক্তির আওতায় আমদানি করা হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ‘জি টু জি-০৩’ চুক্তি অনুযায়ী চালানটি এসেছে। এর আগে একই চুক্তির আওতায় দেশে এসেছে ৫৮,৪৫৭ টন ও ৬২,১৫০ টন গম।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। চলতি চালান থেকে ২৯,৪৫০ টন গম চট্টগ্রাম বন্দরে এবং বাকি ৩১,৫৫০ টন মোংলা বন্দরে খালাস করা হবে।
খাদ্য মন্ত্রণালয় আরও জানায়, ‘জি টু জি-০১’ ও ‘জি টু জি-০২’ চুক্তির আওতায় আমদানিকৃত সব গম ইতিমধ্যেই দেশে পৌঁছেছে। এই দুই চুক্তিতে মোট ৪ লাখ ৬৭,৮৮৪ টন গম দেশে এসেছে।