ওয়াশিংটন/ঢাকা: যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে সেই তেল বিক্রি শুরু করেছে। প্রথম চালান হিসেবে ইতোমধ্যে ৫০ কোটি ডলারের তেল বিক্রি হয়েছে।
গত ৪ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন সেনা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে আটক করা হয়। বর্তমানে তারা নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন। মার্কিন প্রশাসনের সূত্রে জানা গেছে, মাদুরো দম্পতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহের অভিযোগে বিচার হবে।
মাদুরো এবং তার স্ত্রী আটক হওয়ার তিন দিন পর, ৭ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রে আনা হচ্ছে। প্রথম চালানে ৩ থেকে ৫ কোটি ব্যারেল (প্রতি ব্যারেল ১৫৯ লিটার) তেল এসেছে।
মার্কিন তেল সংস্থার প্রতিক্রিয়া
একই সময় ওয়াশিংটনে মার্কিন তেল কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ট্রাম্প জানান, ভেনেজুয়েলার তেল খাতে অচিরেই কমপক্ষে ১০০ ডলারের বিনিয়োগ আসার প্রত্যাশা রয়েছে। তবে অধিকাংশ কোম্পানির শীর্ষ কর্মকর্তারা এই প্রত্যাশায় আশাব্যঞ্জক প্রতিক্রিয়া দেননি।
অ্যাক্সন মোবিলের শীর্ষ নির্বাহী ড্যারেন উডস বলেন, “বর্তমান পরিস্থিতিতে ভেনেজুয়েলার তেল খাতে বিনিয়োগ করা প্রায় অসম্ভব। এখানে অনেক আইনগত এবং বাণিজ্যিক কাঠামো তৈরি করতে হবে, তারপরে আমরা বিনিয়োগের রিটার্ন বুঝতে পারব।”
ভেনেজুয়েলার তেলের তথ্য
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে তেলসমৃদ্ধ দেশ। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (EIA) অনুযায়ী, ভেনেজুয়েলার খনিগুলোতে কমপক্ষে ৩০,৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল মজুদ। যা বিশ্বে মোট তেলের এক পঞ্চমাংশ।
তবে দেশটির দৈনিক উৎপাদন খুব কম, গড়ে মাত্র ১০ লাখ ব্যারেল তেল। আন্তর্জাতিক বাজারে ভেনেজুয়েলার অংশ মাত্র ১০ শতাংশেরও কম। অপরিশোধিত তেলটি ভারী ও ঘন, যা বিশেষ যত্নে উত্তোলন ও পরিশোধন করতে হয়।
এই তেল থেকে উৎপন্ন করা সম্ভব উৎকৃষ্টমানের ডিজেল, অ্যাসফল্ট, শিল্পজাত জ্বালানি এবং ভারী যন্ত্রপাতির তেলজাত দ্রব্য।