বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ড বাধ্যতামূলক নয়

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

ঢাকা, ২০ জানুয়ারি ২০২৬ – যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ড দিতে হবে না। তবে ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার (বি১/বি২) ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫,০০০ আমেরিকান ডলার পর্যন্ত ভিসা বন্ড দিতে হতে পারে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে। বার্তায় বলা হয়েছে, এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ড প্রযোজ্য নয়। কেবলমাত্র ব্যবসা বা পর্যটন ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য।

দূতাবাস আরও জানিয়েছে, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে এই নতুন বন্ড নিয়ম কার্যকর হবে। এর আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের জন্য এটি প্রযোজ্য নয়।

তাছাড়া, দূতাবাস সতর্ক করেছে, সাক্ষাৎকারের আগে বন্ড পরিশোধ করা উচিত নয়। আগাম পরিশোধ করলে ভিসা পাওয়ার নিশ্চয়তা নেই এবং তৃতীয় পক্ষের ওয়েবসাইট থেকে অর্থ দেওয়ার ক্ষেত্রে প্রতারণার ঝুঁকি থাকতে পারে। ভিসার শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করলে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।