বৃহস্পতিবার , ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ৯ই সফর, ১৪৪৮ হিজরি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি নিয়ে বিশ্লেষণ করেছি: আসিফ মাহমুদ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্য চুক্তির বিভিন্ন দিক নিয়ে এনসিপি নিজস্বভাবে বিশ্লেষণ করেছে এবং যেসব বিষয়ে ব্যাখ্যার প্রয়োজন ছিল, সেসব বিষয়ে মার্কিন প্রতিনিধিদের কাছ থেকেও প্রয়োজনীয় ব্যাখ্যা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বুধবার (২২ জুলাই) দুপুরে এনসিপির কার্যালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সফর শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, সাম্প্রতিক বাণিজ্য চুক্তির বিভিন্ন বিষয় এনসিপি পর্যালোচনা করেছে। চুক্তির যেসব দিক নিয়ে স্পষ্টতা প্রয়োজন ছিল, সেগুলো মার্কিন প্রতিনিধিদের কাছে জানতে চাওয়া হয়েছে এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় ব্যাখ্যাও পাওয়া গেছে।

তিনি বলেন, বাণিজ্য চুক্তি স্বাক্ষরের আগে এনসিপির সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা করা হয়নি। তার মতে, এত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেওয়ার আগে এনসিপির মতো গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল।

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে এনসিপির মুখপাত্র বলেন, দলটি তাদের অবস্থান পরিষ্কার করেছে এবং বিষয়টি তাদের জন্য ‘নন-নেগোশিয়েবল’। এ বিষয়ে সংসদের ভেতরে ও বাইরে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, মার্কিন প্রতিনিধিরা জানিয়েছেন, তারা বাংলাদেশের সংস্কার উদ্যোগকে সমর্থন করেন। তবে সংস্কার কীভাবে বাস্তবায়ন হবে, সে সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোরই নেওয়া উচিত বলে তারা মনে করেন। একই সঙ্গে সরকার, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।