বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেন্ট ভিসা স্থগিত: পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা উপদেষ্টা কর্মপরিকল্পনা তৈরিতে

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

ঢাকা: যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা উপদেষ্টা কর্মপরিকল্পনা তৈরি করবেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, “মার্কিন ইমিগ্রেন্ট ভিসা নিয়ে নতুন যে সিদ্ধান্ত এসেছে, সেটা উপদেষ্টা পরিষদে এখনো আলোচনার পর্যায়ে এসেছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিরাপত্তা উপদেষ্টা বিষয়টি নিয়ে কর্মকৌশল বের করবেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে এনগেজ করবেন।”

উপদেষ্টা আরও বলেন, “মার্কিন প্রশাসন যেসব কারণ দেখিয়েছে, সেগুলো বিবেচনা করে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। যারা বেশি ইমিগ্রেশন বা রাজনৈতিক আশ্রয়ের জন্য যায়, যাদের উপর তারা সোশ্যাল সার্ভিস নির্ভরশীল মনে করে—সেসব দেশের ওপরই এই নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। এটি কোনও ব্যক্তিগত টার্গেটিং নয়। আমরা গতকালই এই সিদ্ধান্ত জানতে পেরেছি এবং এখন আমাদের কৌশল নির্ধারণ করতে হবে।”

এর আগে খবর পাওয়া যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামী সপ্তাহে এটি বাস্তবায়ন শুরু হবে। এই স্থগিতাদেশে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানসহ আরও ৭৫টি দেশ অন্তর্ভুক্ত।