বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

যাত্রীদের সঙ্গে তুমুল বাকবিতণ্ডা, ভাইরাল ভিডিওর জেরে স্পাইসজেট কর্মী বরখাস্ত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৭ জুন, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে তুমুল ঝগড়ায় জড়িয়ে চাকরি হারিয়েছেন ভারতীয় এয়ারলাইন্স SpiceJet–এর এক কর্মী। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ১৩ জুন বাগডোগরা থেকে দিল্লিগামী স্পাইসজেটের একটি ফ্লাইট প্রথমে বিলম্বিত হয় এবং পরে বাতিল করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। একপর্যায়ে এয়ারলাইন্সটির এক নারী কর্মী যাত্রীদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের অপেক্ষমাণ এলাকায় অন্য যাত্রীদের সামনেই ওই কর্মী ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে উচ্চস্বরে বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছেন।

ঘটনার ব্যাখ্যায় স্পাইসজেট জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া ও পরিচালনগত সীমাবদ্ধতার কারণে ফ্লাইটটি বাতিল করতে হয়েছিল। বাগডোগরার খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত বিমানটি কলকাতায় ঘুরিয়ে নেওয়া হয়। এর ফলে ফ্লাইট পরিচালনায় বিলম্ব এবং পরবর্তীতে বাতিলের সিদ্ধান্ত নিতে হয়।

এয়ারলাইন্সটি জানিয়েছে, যাত্রীদের দুর্ভোগের জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। একইসঙ্গে যাত্রী, ক্রু এবং ফ্লাইট পরিচালনার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।

স্পাইসজেট আরও জানিয়েছে, ভাইরাল ভিডিওতে দেখা আচরণকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। অভিযুক্ত কর্মীকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে এবং পুরো ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।