রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ। আটককৃতদের নাম- মোঃ জিল্লুর রহমান ও হৃদয় ফকির।
শনিবার (২৪ জুন ২০২৩ খ্রি.) রাতে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে গোয়েন্দা-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অভিযানের নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কতিপয় মাদক কারবারি পিকআপসহ যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় ৬ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। এসময় মাদক কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।
তিনি আরো বলেন, আটককৃতরা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশের এলাকায় বিক্রয় করতো।
আটককৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে মর্মে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।