রাজধানীর যাত্রাবাড়ী থেকে পাচারের সময় দুইটি বিলুপ্ত প্রজাতির বন্যপ্রাণী তক্ষকসহ একজনকে আটক করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
আটককৃতের নাম নিউটন চাকমা। এ সময় তার হেফাজত থেকে বন্যপ্রাণী পাচারে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল আলম জানান, আজ ভোর ৫:৫০ টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী পকেট গেট এলাকার একটি বাড়ির সামনে কয়েকজন চোরাকারবারি বন্যপ্রাণী তক্ষক অবৈধভাবে শিকার করে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে নিউটন চাকমাকে আটক করে। গ্রেফতারের পর তার কাছে থাকা একটি প্লাস্টিকের ঝুড়ি থেকে দুইটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়।
ওসি আরো জানায়, নিউটন চাকমা রাঙ্গামাটির সীমান্তবর্তী এলাকা থেকে বন্যপ্রাণী তক্ষক শিকার করে বিদেশে পাচারের উদ্দেশ্যে রাজধানীতে নিয়ে আসে।
মফিজুল আলম ডিএমপি নিউজকে আরো জানায়, উদ্ধারকৃত বন্যপ্রাণী তক্ষক দুটি রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে আটককৃত নিউটন চাকমার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।