যশোরের ঝিকরগাছা উপজেলায় বাড়ির পাশের একটি বাঁশবাগান থেকে আবু হুরাইরা মিম (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) ভোরে যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন কীর্তিপুর এলাকার নয়নঝিলের পাশে বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মিম পৌরসদরের কীর্তিপুর গ্রামের বাসিন্দা এবং মশিয়ার রহমানের ছেলে। স্থানীয়রা জানান, ভোরে বাঁশবাগানের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, অন্য কোথাও হত্যার পর মরদেহটি সেখানে ফেলে রাখা হয়েছে।
নিহতের মামাতো ভাই মারুফ হোসেন জানান, মিম পরিবারের বড় ছেলে ছিলেন। তার দুটি কন্যাসন্তান রয়েছে। এর মধ্যে ছোট সন্তানের বয়স মাত্র ২১ দিন। কিছুদিন ইজিবাইক চালালেও বর্তমানে তিনি বেকার ছিলেন।
তিনি বলেন, “কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। কে বা কারা তাকে হত্যা করেছে, তা আমরা বুঝতে পারছি না।”
ঝিকরগাছা থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল–এ পাঠানো হয়েছে।
তিনি বলেন, নিহতের মাথা ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।