বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

যমুনা সেতুতে গাড়ি বিকল, ১০ কিলোমিটার যানজটে ঈদ-ফেরত যাত্রীদের দুর্ভোগ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৫ জুন, ২০২৬

যমুনা সেতুর ওপর একাধিক যানবাহন বিকল হয়ে পড়ায় সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল থেকে শুরু হওয়া এ যানজট দুপুর পর্যন্ত অব্যাহত রয়েছে।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুর পশ্চিম টোল প্লাজা অতিক্রম করার পরপরই তিনটি গাড়ি বিকল হয়ে যায়। ফলে সেতুর উভয় লেনে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে এবং দ্রুত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের অতিরিক্ত চাপের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর থেকে কামারখন্দ উপজেলার ঝাঐল পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারার শঙ্কা প্রকাশ করেছেন। এক যাত্রী জানান, প্রায় ৬ ঘণ্টা ধরে যাত্রা করেও তিনি খুব অল্প পথ অতিক্রম করতে পেরেছেন।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, বিকল যানবাহনগুলো দ্রুত সরিয়ে নেওয়ার জন্য রেকার ব্যবহার করা হচ্ছে। তিনি আরও জানান, ঈদ-পরবর্তী অতিরিক্ত যানবাহনের চাপের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে।