বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ম্যাজিস্ট্রেটের কাছে তেল খরচের টাকা দাবি, ৫ ভুয়া সাংবাদিককে ৩ মাসের কারাদণ্ড প্রদান

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

স্টাফ করেসপন্ডেন্ট:  মাইক্রোবাসটি ছিল সাদা রঙের। নাম্বার প্লেটে লেখা (ঢাকা মেট্রো গ- ১৪-৬৮৫২)। গাড়িতে বিভিন্ন মিডিয়া হাউজের স্টিকার, ভিজিটিং কার্ড ও বুম ছিল। এই গাড়িতে করেই কথিত ৫ সাংবাদিক সরাসরি উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে আসেন। তারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করে আর্থিক সুবিধা দাবি করেন। কিন্তু ম্যাজিস্ট্রেট তাতে রাজি হননি। একপর্যায়ে তারা দূর থেকে এসেছেন তাই গাড়ির তেল খরচ ও দুপুরের খাবারের জন্য অর্থ দাবি করেন।

বিষয়টি সন্দেহ হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্থানীয় মূলধারার গণমাধ্যম কর্মী এবং পরিচয় দেওয়া গণমাধ্যম গুলোর অফিসে যোগাযোগ করেন। তাতে ওই ব্যক্তিরা প্রতারণা করছেন বলে প্রমাণ মেলে। পরে তাদের জেল-জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৩ জুন) বিকেলে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে টাকা দাবি করা ৫ প্রতারককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তাদের এই শাস্তি প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।

সাজাপ্রাপ্তরা হলেন- নেত্রকোনা সদরের মৃত মজিবুর রহমানের ছেলে মনিরুজ্জামান (৫৪)। তিনি নিজেকে বিটিভির খোঁজ খবর অনুষ্ঠান ও সাপ্তাহিক এশিয়া বার্তার সাব-এডিটরের পরিচয় দেন। গাজীপুর মেট্রোপলিটন পূবাইল করমতলা এলাকার বাহার আলী দেওয়ানের ছেলে মাজহারুল ইসলাম অনিক দেওয়ান (২৪)। তিনি নিজেকে দৈনিক আজকের আলোকিত সকালের ক্রাইম রিপোর্টারের পরিচয় দেন। একই পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি পরিচয় দেন টঙ্গী আরিচপুর এলাকার বাচ্চু সরকারের ছেলে নাজমুল ইসলাম সেলিম সরকার (৩৪) ও টঙ্গী এরশাদনগর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে কামরুজ্জামান (২৪)। এছাড়াও একই পত্রিকার রিপোর্টার পরিচয় দেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইবপুর গ্রামের ফখরুল ইসলামের মেয়ে রোজিনা আক্তার (১৯)।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন, যারা মিডিয়া হাউজের নাম ব্যবহার করে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলার বিভিন্নস্থানে এ ধরনের ঘটনা ঘটাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।