বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মৌলভীবাজারে ছেলের কুড়ালের আঘাতে বাবাকে হত্যা, প্রবাসফেরত ছেলে পলাতক

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ জুন, ২০২৬

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছেলের কুড়ালের আঘাতে সুলতান মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) গভীর রাতে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের মন্ত্রীগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিষয়টি শনিবার দুপুরে প্রকাশ্যে আসে।

নিহত সুলতান মিয়া পেশায় কৃষক ছিলেন। হত্যাকাণ্ডে অভিযুক্ত তার ছেলে ফয়েজ মিয়া (২৭) সৌদি আরব প্রবাসী। তিনি গত ২৪ জুন দেশে ফেরেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রবাস থেকে ফেরার পর বসতঘর নিয়ে বাবা-ছেলের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার রাতে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ঘরে থাকা একটি কুড়াল দিয়ে বাবার মাথার পেছনে আঘাত করেন ফয়েজ। এতে গুরুতর আহত হন সুলতান মিয়া।

পরে পরিবারের সদস্যরা তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর হাসপাতাল থেকেই অভিযুক্ত ফয়েজ মিয়া পালিয়ে যান।

পরিবারের সদস্যরা রাতে বিষয়টি গোপন রাখলেও শনিবার দুপুরে নিহতের আরেক ছেলে শাহেদ মিয়া জুড়ী থানায় অভিযোগ করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্ত ফয়েজ মিয়াকে গ্রেপ্তারে অভিযান চলছে।