রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির এক নেতাকে তার নিজ বাসার নিচে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ জুন) বেলা আড়াইটার দিকে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মো. নুরুল ইসলাম (৫৫)। তিনি মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ জানায়, দুটি মোটরসাইকেলে আসা ছয়জন দুর্বৃত্ত নুরুল ইসলামকে বাসার নিচে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। এতে তার মুখ, কাঁধ ও বাম হাতে গুরুতর জখম হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ডিএমপির মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজনৈতিক বিরোধের জেরে এ হামলা ঘটতে পারে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।