বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মোহাম্মদপুরে কুখ্যাত ছিনতাইকারী আকাশ গ্রেপ্তার, ধরা পড়েছে দুই সহযোগীও

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ জুন, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে পরিচিত আকাশকে তার দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বুধবার (৩ জুন) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশ-এর মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা। গ্রেপ্তার অন্য দুজন হলেন রবিন ও আরাফাত।

পুলিশ জানায়, মোহাম্মদপুর থানার এসআই আক্কেল আলী ও এসআই নাজমুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিনজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আকাশের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় ছিনতাই, হামলা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, সম্প্রতি মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকায় একটি বিকাশ এজেন্ট দোকানের কর্মচারীকে কুপিয়ে আহত করে নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় আকাশ ও তার সহযোগীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়া এক লাখ টাকা মূল্যের একটি স্যামসাং মোবাইল ফোনসহ তিনটি মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়।

এর কয়েকদিন পর নবীনগর হাউজিং এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের গাড়ির গতিরোধ করে ৯৫ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনাতেও তাদের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে পুলিশ। পাশাপাশি তুরাগ ও বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ওয়াকওয়েতে নিয়মিত ছিনতাইয়ের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

পুলিশের যাচাই-বাছাইয়ে দেখা গেছে, আকাশের বিরুদ্ধে চারটি ছিনতাই, দুটি মারামারি এবং একটি মাদক মামলা রয়েছে। অন্যদিকে তার সহযোগী রবিনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা রয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাদের জিজ্ঞাসাবাদ করে চক্রটির অন্যান্য সদস্য ও অপরাধকাণ্ডের বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।