চলতি মে মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে।
রোববার (৩ মে) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশে ১ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হতে পারে। এর মধ্যে অন্তত একটি তীব্র তাপপ্রবাহে রূপ নিতে পারে, যেখানে তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, মাসজুড়ে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্তভাবে ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
নদ-নদীর পানি পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে বলে জানানো হলেও, উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির কারণে সময় বিশেষে পানি বাড়তে পারে।
অন্যদিকে, গত এপ্রিল মাসে দেশে স্বাভাবিকের তুলনায় ৭৫ দশমিক ৭ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজশাহী বিভাগ ছাড়া দেশের প্রায় সব বিভাগেই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।