বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মেসিকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা, বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে না-ও খেলতে পারেন অধিনায়ক

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে প্রস্তুতি ক্যাম্পে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অনুশীলন শুরু করলেও দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সাম্প্রতিক চোটের কারণে আসন্ন দুটি প্রীতি ম্যাচে তাকে মাঠের বাইরে রাখা হতে পারে।

ইন্টার মায়ামির হয়ে সর্বশেষ ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন মেসি। যদিও তিনি নিয়মিত অনুশীলন করছেন, তবে তা দলের সঙ্গে নয়; ফিজিওথেরাপিস্ট ও ফিটনেস কোচের তত্ত্বাবধানে আলাদা কর্মসূচি অনুসরণ করছেন।

আর্জেন্টিনা কোচিং স্টাফের মূল লক্ষ্য হলো বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে অধিনায়ককে শতভাগ ফিট অবস্থায় ফিরিয়ে আনা। এজন্য হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কোনো ঝুঁকি নিতে রাজি নন কোচ লিওনেল স্কালোনি।

দলীয় সূত্র জানিয়েছে, যেসব ফুটবলার ছোটখাটো চোট কিংবা শারীরিক সমস্যায় ভুগছেন, তাদের জন্য বিশেষ ফিটনেস ও পুনর্বাসন পরিকল্পনা চালু রয়েছে। মেসিও সেই তালিকায় রয়েছেন এবং তার উন্নতি ইতিবাচক বলেই মনে করা হচ্ছে।

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শেষ প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে। এরপরই শুরু হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর, যেখানে মেসি নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামবেন।

জাতীয় দলের হয়ে দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে মেসি ইতোমধ্যে সর্বাধিক ম্যাচ ও সর্বাধিক গোলের রেকর্ড গড়েছেন। আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকার দিকে তাকিয়েই আবারও শিরোপা স্বপ্ন দেখছে আর্জেন্টিনা।