মঙ্গলবার , ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

মৃত্যুর আগে মানুষ কেন বারবার মৃত স্বজনদের স্বপ্ন দেখেন? জানালেন চিকিৎসক

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

মৃত্যুর আগে অনেক রোগী এমন কিছু স্বপ্ন দেখেন, যা চিকিৎসক ও নার্সদের কাছে পরিচিত একটি অভিজ্ঞতা। যুক্তরাষ্ট্রের বাফেলোর প্যালিয়েটিভ কেয়ার বিশেষজ্ঞ চিকিৎসক ক্রিস কের বলেছেন, জীবনের শেষ পর্যায়ে থাকা অনেক রোগী বারবার মৃত আত্মীয়-স্বজন, বন্ধু কিংবা প্রিয়জনকে স্বপ্নে দেখেন। এসব স্বপ্ন সাধারণ স্বপ্নের তুলনায় অনেক বেশি বাস্তব ও আবেগঘন বলে অনুভূত হয়।

সংবাদমাধ্যম দ্য টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ২০১৪ সালে পরিচালিত তার এক গবেষণায় দেখা যায়, মৃত্যুর আগে প্রতি ১০ জন রোগীর মধ্যে প্রায় ৯ জন অন্তত একবার এমন স্বপ্ন দেখেছেন। তার ভাষ্য অনুযায়ী, এসব স্বপ্ন অনেকের মধ্যে মানসিক শান্তি ও মৃত্যুকে মেনে নেওয়ার প্রস্তুতি তৈরি করে।

ক্রিস কেরের বর্ণনায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেঁচে ফেরা এক সৈনিক মৃত্যুর আগে বারবার নরমান্ডি সৈকত ও নিহত সহযোদ্ধাদের স্বপ্ন দেখতেন। স্বপ্নে তার এক সহযোদ্ধা বলেছিলেন, “তোমাকে আমরা বাড়িতে নিতে এসেছি।” এমন অভিজ্ঞতা ওই ব্যক্তির মানসিক অস্থিরতা কমিয়ে দেয়।

তিনি আরও জানান, মরণব্যাধিতে আক্রান্ত এক তরুণী মৃত্যুর আগে তার মৃত দাদাকে স্বপ্নে দেখেছিলেন। সেই স্বপ্নের পর তিনি অনেকটাই শান্ত হয়ে নিজের বাস্তবতাকে মেনে নিতে সক্ষম হন।

চিকিৎসক ক্রিস কেরের মতে, অনেক রোগীর ক্ষেত্রে মৃত্যুর আগে স্ট্রোক, স্মৃতিভ্রংশ বা মস্তিষ্কজনিত জটিলতা থাকা সত্ত্বেও হঠাৎ করেই স্বাভাবিকভাবে কথা বলা বা পুরোনো স্মৃতি মনে করার মতো ঘটনাও দেখা যায়। চিকিৎসাবিজ্ঞানে এ ধরনের ঘটনাকে এখনও পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব হয়নি এবং এ নিয়ে গবেষণা চলছে।

বিশেষজ্ঞদের মতে, এসব পর্যবেক্ষণ বাস্তব ক্লিনিক্যাল অভিজ্ঞতার অংশ হলেও এগুলো মৃত্যুর নিশ্চিত পূর্বলক্ষণ বা সবার ক্ষেত্রে প্রযোজ্য কোনো নিয়ম নয়।