শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মুগ্ধ-আবু সাঈদদের স্মরণ বাংলাদেশি ফুটবলারের

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়েন আবু সাঈদ ও মীর মুগ্ধ। যাদের সাহসিকতা ও বীরত্বের গল্প আজ বাংলাদেশের সর্বত্র উচ্চারিত হচ্ছে। এবার নেপালের মাটিতে চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপেও আবু সাঈদ-মুগ্ধদের স্মরণ করলেন বাংলাদেশি ফুটবলার।

চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে গোল করেই সাঈদ-মুগ্ধর নাম সংবলিত একটি টিশার্ট গায়ে চাপিয়ে উদযাপন করতে দেখা যায় ১০ নম্বর জার্সিধারী মিরাজুল ইসলামকে।

ম্যাচের ১৬তম মিনিটে বাংলাদেশকে কাঙ্ক্ষিত লিড এনে দেন মিরাজ। গোলের পর উদযাপনের সময় টেন্ট থেকে টিশার্টটা দেওয়া হয় গোলদাতাকে। জার্সির ওপর সেটি পরে উদযাপন করেন মিরাজ।টিশার্টটিতে লেখা ছিল, ‘মুগ্ধ এবং আবু সাঈদ এর মরনে মনে রেখ যুদ্ধ করে দেশ পেয়েছি?’ অবশ্য এমন অভিনব উদযাপনের পর এখন শাস্তির শঙ্কা রয়েছে।

আন্তর্জাতিক ম্যাচে খেলা বহির্ভূত কিছু প্রদর্শন নিষিদ্ধ বিশেষত রাজনৈতিক বা অন্য কিছু। মিরাজের এমন উদযাপন শাস্তির আওতায় পড়ার সম্ভাবনা রয়েছে। এটা নির্ভর করছে ম্যাচ কমিশনারের রিপোর্টের উপর।ম্যাচ কমিশনারের রিপোর্টারের ভিত্তিতে মূলত এই শাস্তি হয়। অনেক সময় সংশ্লিষ্ট খেলোয়াড় জরিমানা, নিষেধাজ্ঞা আবার সংশ্লিষ্ট ফেডারেশন জরিমানা সতর্কের মধ্যে পড়ে।