বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মুগদায় বাস চাপায় প্রাণ গেল পোশাক শ্রমিকের

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বাসের ধাক্কায় নয়ন মনি (৪৪) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তারেক দিপু জানান, খবর পেয়ে মুগদা মেডিকেল কলেজের জরুরি বিভাগ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত নয়ন মনি একটি গার্মেন্টসে চাকরি করতেন। কাজ শেষে গার্মেন্টসের স্টাফ বাসে চড়ে মুগদা মেডিকেলের সামনে নামেন তিনি। এরপর রাস্তা পারাপারের সময় ওই বাসটিই তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে মুগদা মেডিকেলে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনায় বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

নিহতের স্বামী আব্দুল হামিদ জানান, তার স্ত্রী মাতুয়াইল এলাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। ছুটির পর স্টাফ বাসে চড়ে সবাই মুগদায় নামেন। এরপর রাস্তা পার হওয়ার সময় ওই বাসটির চাপায় তার মৃত্যু হয়।

নয়ন মনি শরীয়তপুর জেলার পালং থানার বুয়ারপুর গ্রামের আব্দুল হকের মেয়ে। বর্তমানে তিনি মুগদার আরব বেকারি গলি এলাকায় ইউনুস সাহেবের বাড়িতে ভাড়া থাকতেন।