বাংলাদেশ ও ভারত-এর মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের মূল ভিত্তি ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ—এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সোমবার (১৩ এপ্রিল) সংসদ ভবনে নিজের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, ভারত বাংলাদেশের বিশ্বস্ত ও নিকটতম প্রতিবেশী। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে ড. খলিলুর রহমান-কে সমর্থন দেওয়ায় ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, এই সমর্থন প্রতিবেশী দেশগুলোর প্রতি ভারতের সহযোগিতামূলক ও উদার মনোভাবের প্রতিফলন। পাশাপাশি সংসদীয় সম্পর্ক আরও জোরদার করতে নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন স্পিকার। তিনি জানান, বর্তমান সংসদ প্রাণবন্ত এবং বিরোধী দল সক্রিয়ভাবে ভূমিকা রাখছে।
এ সময় প্রণয় ভার্মা বলেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নে সংসদীয় কূটনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংসদীয় মৈত্রী গ্রুপ ও প্রতিনিধিদলের নিয়মিত সফর বিনিময় দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ জোরদার করার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। এছাড়া নতুন স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান ভারতীয় হাইকমিশনার এবং ভারতের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন।