বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মিরপুরে ডিএমপির সাঁড়াশি অভিযান, কিশোর গ্যাং সদস্যসহ গ্রেপ্তার ১৭৫

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ মে, ২০২৬

রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ১৭৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

জননিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও সন্ত্রাস দমন এবং চাঁদাবাজি নিয়ন্ত্রণে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, মঙ্গলবার (১২ মে) দিনব্যাপী মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন থানা পুলিশ ও বিশেষ টিম অংশ নেয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক, চুরি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড ও কিশোর গ্যাং সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

থানাভিত্তিক গ্রেপ্তারের তথ্য অনুযায়ী, মিরপুর মডেল থানা এলাকা থেকে ৫০ জন, পল্লবী থেকে ২৪ জন, কাফরুল থেকে ১৫ জন, শাহআলী থেকে ১৬ জন, দারুস সালাম থেকে ৪৪ জন, ভাষানটেক থেকে ১০ জন এবং রূপনগর থানা এলাকা থেকে ১৬ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বুধবার আদালতে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সাম্প্রতিক সময়ে রাজধানীতে কিশোর গ্যাং ও অপরাধচক্রের তৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে ডিএমপির এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ