বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মা হওয়ার পর আবেগের কঠিন সময়, পাশে ছিলেন স্বামী সিদ্ধার্থ— খোলামেলা কিয়ারা আদভানি

প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ মে, ২০২৬

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী Kiara Advani সম্প্রতি এক পডকাস্টে মা হওয়ার পর তার জীবনের মানসিক ও শারীরিক পরিবর্তনের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি জানান, সন্তানের জন্মের পর হরমোন পরিবর্তনের কারণে তিনি অতিমাত্রায় আবেগপ্রবণ হয়ে পড়েন এবং সামান্য বিষয়েও কান্নায় ভেঙে পড়তেন।

রাজ শামানির পডকাস্টে কিয়ারা বলেন, ২০২৫ সালের জুলাইয়ে কন্যাসন্তান সারায়ার জন্মের পর তিনি এক ধরনের মানসিক অস্থিরতার মধ্য দিয়ে যান। সেই সময় তার স্বামী Sidharth Malhotra নিজের কাজের ব্যস্ততা সত্ত্বেও প্রতিদিন গভীর রাতে বাসায় ফিরে স্ত্রী ও সন্তানের পাশে সময় দিতেন।

কিয়ারার ভাষ্য অনুযায়ী, এই সময়টায় তাকে মানসিকভাবে স্থিত রাখতে চিকিৎসকের পরামর্শে সিদ্ধার্থ প্রতিদিন রাতে তাকে গাড়িতে করে বাইরে ঘুরতে নিয়ে যেতেন। এতে তিনি কিছুটা স্বস্তি ও মানসিক প্রশান্তি পেতেন। কিয়ারা জানান, সিদ্ধার্থ কোনো উপদেশ না দিয়ে শুধু ধৈর্য ধরে তার সব কথা শুনতেন এবং পাশে থাকতেন।

অভিনেত্রী আরও জানান, মা হওয়ার মাত্র পাঁচ মাস পরই তিনি কাজে ফিরে আসেন। গর্ভাবস্থার সময়ও তিনি প্রায় সাত মাস ধরে Toxic সিনেমার শুটিং করেন, যেখানে কিছু কঠিন অ্যাকশন দৃশ্যও ছিল।

উল্লেখ্য, কিয়ারা ও সিদ্ধার্থ ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ২০২৫ সালের ১৫ জুলাই তাদের কন্যাসন্তান সারায়ার জন্ম হয়।