মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সফরসঙ্গী হিসেবে একই ফ্লাইটে দেশে ফেরেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা।
বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা স্বাগত জানান।
এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র নেতারাও বিমানবন্দরে উপস্থিত থেকে দলীয় প্রধানকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রী একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।